নয়াদিল্লি: নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এবার শীর্ষ আদালতের চৌকাঠে। কিন্তু সুপ্রিম কোর্ট অভিযানের আগে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে বিরোধী শিবিরের সাক্ষাতের আবেদনই খারিজ হয়ে গেল। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের আর্জি প্রত্যাখ্যান ঘিরে নতুন করে প্রশ্নের মুখে বিরোধীদের কৌশল, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক স্মারকলিপি জমা দেওয়ার উদ্যোগ কতটা কার্যকর হবে?
সূত্রের খবর, ১২ অক্টোবর বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁদের দাবির তালিকায় রয়েছে তথাকথিত ‘ভোট চুরি’ বন্ধ করা, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বন্ধ করা এবং পেপার ব্যালটে ফিরে যাওয়া।
সূত্রের দাবি, প্রধান বিচারপতির সিদ্ধান্ত সরকারি ই-মেলে জানিয়ে দেওয়া হয়েছে। আদালত সূত্রে যুক্তি, বিরোধীদের উত্থাপিত বিষয়গুলি ইতিমধ্যেই বিচারাধীন। তাই এ নিয়ে পৃথক বৈঠক অনুচিত।
এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হয়েছিলেন বিরোধী সাংসদরা। এবার প্রধান বিচারপতির কাছে পৌঁছনোর উদ্যোগও আটকে গেল।




