ওয়েব ডেস্ক: ভোট চুরির অভিযোগে এমনিতেই চাপে মোদি সরকার। তার উপর নতুন করে অস্বস্তি বাড়াল লাগামছাড়া মূল্যবৃদ্ধি। আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিজেপির কাছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিরোধীদের হাতেও সরকারের বিরুদ্ধে আক্রমণের নতুন অস্ত্র তুলে দিয়েছে এই পরিস্থিতি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে ৬.০৯ শতাংশে। গত দু’বছরে এই প্রথম রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের সহনসীমা অতিক্রম করল মূল্যবৃদ্ধি। সবচেয়ে উদ্বেগজনক খাদ্যপণ্যের দাম। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। পেঁয়াজের দাম এক বছরে বেড়েছে ১১৬.২২ শতাংশ। আদা, রসুন-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী।
দুধ থেকে চাল, আটা, ভোজ্য তেল, চিনি—সব ক্ষেত্রেই দাম বাড়ছে। আমূল ও মাদার ডেয়ারির মতো সংস্থাও দুধের দাম বাড়িয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে পরিবহণ, হোটেল ও রেস্তরাঁ পরিষেবাতেও। পরিবহণ ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ৫.৮ শতাংশ এবং হোটেল-রেস্তরাঁ পরিষেবায় ১০ শতাংশ ছাড়িয়েছে।
আরও পড়ুন:
কংগ্রেস প্রধানমন্ত্রীকে ‘মেহঙ্গাই ম্যান অব ইন্ডিয়া’ বলে কটাক্ষ করেছে। দলের মুখপাত্র জয়রাম রমেশের অভিযোগ, অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার সাধারণ মানুষের সংসার চালানো কঠিন করে তুলেছে।
অর্থ মন্ত্রকের আশঙ্কা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক ফের সুদের হার বাড়াতে পারে। তবে সুদ বাড়লেও পেঁয়াজ বা জ্বালানির দাম কমবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। উল্টে ঋণ ও বাজারে কেনাকাটায় তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভোটের আগে তাই অর্থনৈতিক চাপ ক্রমেই রাজনৈতিক অস্বস্তিতে পরিণত হচ্ছে।
