Tag: Jagga Reddy

  • আত্মজীবনী থেকে রুপোলি পর্দায় সোনিয়া, তেলুগু ছবির ঘোষণা জগ্গা রেড্ডির

    আত্মজীবনী থেকে রুপোলি পর্দায় সোনিয়া, তেলুগু ছবির ঘোষণা জগ্গা রেড্ডির

    ওয়েব ডেস্ক: সোনিয়া গান্ধীর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় এবার উঠে আসতে চলেছে রুপোলি পর্দায়। তাঁর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ অবলম্বনে তেলুগু ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়েছে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস। এসাঙ্গারেড্ডিতে দলীয় কর্মীদের এক বৈঠকে এই ঘোষণা করেছেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি।

    ছবিটি তৈরির জন্য দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে সাঙ্গারেড্ডি কেন্দ্রের কংগ্রেস আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু ইতিমধ্যেই ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ছবির প্রাথমিক প্রস্তুতি ও নির্মাণের কাজ পরিচালনার জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন জগ্গা রেড্ডি। গান্ধী ভবনের জনসংযোগ আধিকারিক হরিপ্রসাদ ওই কমিটির কাজ তদারকি করবেন।

    ছবিতে সোনিয়ার জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল ও প্রিয়াঙ্কার মা হিসেবে তাঁর জীবন যেমন থাকবে, তেমনই গুরুত্ব পাবে ব্যক্তিগত জীবনের কঠিন সময়। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর কীভাবে সন্তানদের মানুষ করেছেন সোনিয়া, সেই লড়াইও ছবির অন্যতম বিষয় হতে পারে।

    আরও পড়ুন:

    গ্রামীণ কর্মীদের দৈনিক মজুরি ৪০০ টাকা করার ভাবনা, কেন্দ্রকে প্রস্তাব শুভেন্দুর

    পাশাপাশি রাজনীতিতে তাঁর প্রবেশ এবং কংগ্রেসের নেতৃত্বে উঠে আসার কাহিনিও দেখানো হবে। ২০০৪ সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে মনমোহন সিংকে ওই পদে বসানোর সিদ্ধান্তকেও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরতে চান জগ্গা রেড্ডি।

    ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রী কিংবা মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তুতি সম্পূর্ণ হলে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে শুটিংয়ের আনুষ্ঠানিক সূচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।