ওয়েব ডেস্ক : বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলে। অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে এবার গুলির মুখে পড়তে হল আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালিয়ে এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত। বুধবারের এই ঘটনায় ইসমাইল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি দল ইসমাইল এলাকায় পৌঁছয়। লুট-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত প্রতাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে সে বাড়ি ফিরেছিল বলে জানা গিয়েছে।
অভিযোগ, পুলিশ তার বাড়ির কাছাকাছি পৌঁছতেই অভিযুক্ত বুঝতে পারে তাকে গ্রেফতারের জন্য ঘিরে ফেলা হয়েছে। এরপরই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় সে। পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
দলের অস্তিত্বের লড়াইয়ে ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে মুখোমুখি মমতা-ঋতব্রত
ঘটনার পরই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আসানসোল দক্ষিণ ও হিরাপুর থানার পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। চলছে নজরদারিও। তবে এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হয়েছেন কি না, সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
সম্প্রতি বোলপুরেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় পুলিশের নিরাপত্তা এবং অপরাধীদের দুঃসাহস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




