গুরুদ্বারের মাটিতে আগুনে পুড়ল সোনিয়ার আত্মজীবনী, ১৯৮৪-র ক্ষত ঘিরে ফের তীব্র বিতর্ক

ওয়েব ডেস্ক: বইয়ের পাতায় ইতিহাসের ব্যাখ্যা, আর তার প্রতিবাদে আগুন! দিল্লির গুরুদ্বারে প্রকাশ্যেই পুড়িয়ে দেওয়া হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে বইয়ে সোনিয়ার বক্তব্যের প্রতিবাদে এই ঘটনা ঘটেছে। বিক্ষোভে শামিল হয়েছিলেন দাঙ্গায় নিহতদের পরিবারের সদস্য এবং দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিরা।

নয়াদিল্লির রেকাবগঞ্জ গুরুদ্বারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মজীবনীতে ১৯৮৪ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃত ছবি তুলে ধরা হয়নি। বরং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে ইতিহাসকে আড়াল করার চেষ্টা হয়েছে। তাঁদের দাবি, কয়েক হাজার শিখের মৃত্যুর দায় এবং সেই সময়কার রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে আরও স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন ছিল।

সোনিয়ার আত্মজীবনী ঘিরে বিজেপিকে পাল্টা আক্রমণ প্রিয়াঙ্কার

সংগঠনের সভাপতি হরমিত সিং কালকা এবং সাধারণ সম্পাদক জগদীপ সিং কাহলনের নেতৃত্বে বিক্ষোভ হয়। গুরুদ্বারের ‘ওয়াল অফ ট্রুথ’-এর কাছে স্লোগান তোলেন প্রতিবাদীরা। কাহলনের অভিযোগ, বইয়ে রাজীব গান্ধী শিখদের রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে যে বর্ণনা দেওয়া হয়েছে, তা বাস্তব ঘটনার সঙ্গে মেলে না। সংগঠন জানিয়েছে, ১৯৮৪-র দাঙ্গায় ন্যায়বিচারের দাবিতে তাদের আইনি লড়াইও চলবে।

উল্লেখ্য, ১০ নভেম্বর প্রকাশিত আত্মজীবনীতে সোনিয়া গান্ধী ১৯৮৪-র দাঙ্গাকে ভারতের ইতিহাসের ‘মর্মান্তিক ও লজ্জাজনক’ অধ্যায় বলে উল্লেখ করেছেন। কিন্তু তাঁর সেই ব্যাখ্যাতেই নতুন করে রাজনৈতিক বিতর্কের আগুন জ্বলল।

Comments

Leave a Reply