Tag: Sundarban District

  • সুন্দরবনকে পৃথক জেলা করার উদ্যোগ, বড় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পথে রাজ্য

    সুন্দরবনকে পৃথক জেলা করার উদ্যোগ, বড় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পথে রাজ্য

    ওয়েব ডেস্ক: সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। রাজ্যের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরিকল্পনায় সুন্দরবন অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ নিয়ে নতুন জেলা গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে গোটা এলাকার প্রশাসনিক কাঠামো।

    গত জুনে বিধানসভায় পেশ করা বাজেটে পাঁচটি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তালিকায় ছিল সুন্দরবন, বসিরহাট, কলকাতা, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারের যুক্তি, নতুন জেলা তৈরি হলে প্রশাসনিক পরিষেবা মানুষের আরও কাছে পৌঁছবে।

    বর্তমানে সুন্দরবন এলাকার ১৯টি ব্লক উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ছড়িয়ে রয়েছে। এর মধ্যে ছ’টি ব্লক উত্তর ২৪ পরগনায় এবং ১৩টি দক্ষিণ ২৪ পরগনায়। ফলে প্রত্যন্ত দ্বীপাঞ্চলের বাসিন্দাদের প্রশাসনিক কাজে দীর্ঘ পথ পেরিয়ে বারাসত কিংবা আলিপুরে যেতে হয়। নতুন জেলা তৈরি হলে সেই সমস্যা অনেকটাই কমতে পারে।

    আরও পড়ুন:

    বিজেপিকে রুখতে তৃণমূলের কোনও শিবিরের সঙ্গে সমঝোতা নয়, স্পষ্ট সেলিম

    বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের জন্য পৃথক প্রশাসনিক সদর গড়ে তোলা অত্যন্ত জরুরি। কারণ, ভাঙন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বাঁধ ভাঙা এবং নোনা জলের অনুপ্রবেশের মতো একাধিক সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়তে হয় এই অঞ্চলের মানুষকে। বিশেষ করে প্রত্যন্ত দ্বীপাঞ্চলের উন্নয়নে প্রয়োজন পৃথক প্রশাসনিক নজরদারি।

    সুন্দরবনকে পৃথক জেলা করার পরিকল্পনা কার্যকর হলে শুধু প্রশাসনিক সুবিধাই নয়, উন্নয়ন, যোগাযোগ ও দুর্যোগ মোকাবিলাতেও নতুন দিশা খুলতে পারে। তবে জেলার চূড়ান্ত সীমানা, সদর এবং প্রশাসনিক কাঠামো নিয়ে বিস্তারিত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।