Tag: cancer serviver

  • মানবিক আবেদন! হাইজ্যাক-বার্তা কাণ্ডে প্রৌঢ়ের সাজা কমানোর আর্জি বিমানবন্দর কর্তাদের

    মানবিক আবেদন! হাইজ্যাক-বার্তা কাণ্ডে প্রৌঢ়ের সাজা কমানোর আর্জি বিমানবন্দর কর্তাদের

    ওয়েব ডেস্ক: কলকাতা বিমান বন্দরে হাইজ্যাক বার্তা লিখে গ্রেপ্তার হয়েছিলেন ক্যান্সার সারভাইভার এক প্রৌঢ়। মানবিকতার কারণে সেই প্রৌঢ়ের সাজা কমানোর আবেদন বিমানবন্দর কর্তাদেরই। বুধবার গ্রেপ্তারের পরে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নিতে চায়নি। পাশাপাশি আইনের বেড়াজালে তাঁকে বেঁধে ফেলতে বাধ্য হলেও সাজা যাতে কম হয়, মনেপ্রাণে সেটাই চাইছেন বিমানবন্দরের অফিসারেরা।

    বুধবার সকালে কলকাতা–মুম্বই যাওয়ার পথে এক প্রৌঢ় বিমানের শৌচালয়ে হাইজ্যাক বার্তা লিখে রেখেছিলেন। পরে গ্রেপ্তারও হন তিনি। তাঁকে ভদ্র, শান্ত এবং নিপাট ভালোমানুষ বলেই মনে হয়েছে তদন্তকারীদের। বুধবার গ্রপ্তারের পরে বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে এসিজেএম মণিকা চট্টোপাধ্যায় সাহার এজলাসে তদন্তকারী অফিসার বিচারককে জানান, অভিযুক্ত নিজে কঠিন অসুখে ভুগছেন। অসুস্থতাজনিত কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। আপাতত আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে তদন্তকারী অফিসার ডাকলে দেখা করতে হবে, এই শর্তে আদালত থেকে এ দিন জামিনও পেয়ে গিয়েছেন ওই প্রৌঢ়। বিচারক অভিযুক্তের হাতের লেখার সঙ্গে হুমকি দেওয়া কার্ডটির হাতের লেখা মিলিয়েও দেখতে চান।

    জগন্নাথ দর্শনের আগেই বিপত্তি! পুরীগামী বাসে দুর্ঘটনায় আহত ১৬

    বুধবার জানা গিয়েছিল, তাঁর স্ত্রী ক্যান্সার আক্রান্ত। প্রৌঢ় নিজেও ক্যান্সার সারভাইভার। তদন্তকারীরা বার বার তাঁর কাছে জানতে চেয়েছেন, কেন এমনটা করলেন? উত্তরে প্রৌঢ় জানান, বয়স বাড়ছে। ক্যান্সার তো আছেই, শরীরে বাসা বেঁধেছে আরও একাধিক রোগ। পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তিনি। গ্যাস পাইপলাইন সংক্রান্ত কাজে বিশেষজ্ঞ। ওই কাজেই সারা জীবন তাঁকে ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন দেশে। বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিতে কাজ করেছেন। এখন আর লম্বা ফ্লাইং, বিদেশে গিয়ে একা থাকা, খাওয়া–দাওয়ার অনিয়ম শরীর নেয় না। সেই কারণে যেতে চাননি। কিন্তুবাধ্য হয়েই যাচ্ছিলেন। তবে এই ঘটনায় তিনি অনুতপ্ত বার বার জানিয়েছেন।