কলকাতা: সাতসকালে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির কলকাতা পুরসভার কর্মীরা। সঙ্গে কলকাতা পুলিশের বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিষেকের বাড়ির সামনে ফুটপাথের উপর নিরাপত্তার কারণে তৈরি বাঁশ ও লোহার অস্থায়ী কাঠামো ভেঙে দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে।
ওই শেডের নীচে মূলত অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী এবং ঘনিষ্ঠ দলীয় কর্মীরা বসতেন। যদিও আগের রাতে তৃণমূল নেতা তথা আইনজীবী অর্ক নাগ দাবি করেছিলেন, অভিষেকের উদ্যোগেই ওই কাঠামো সরানো হচ্ছে। তাঁর বক্তব্য, অভিষেকের জেড প্লাস নিরাপত্তা থাকার সময় ডিরেক্টর সিকিউরিটির নির্দেশে হাউসগার্ডদের বসার জন্য শেডটি তৈরি হয়েছিল। বর্তমানে সেই নিরাপত্তা না থাকায় নিজেরাই সেটি খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
মাদক কারবারে জিরো টলারেন্স, কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সম্প্রতি অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কালীঘাট। জমায়েতের জেরে কেনাবেচায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন স্থানীয় মৃৎশিল্পীরা। সেই ঘটনায় অভিষেকের সঙ্গে পুলিশকর্মীদের বচসাও হয়। এরপরই বাড়ির সামনের ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে।
সূত্রের খবর, বুধবার পুরসভার শীর্ষস্তর থেকে কাঠামোটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এ দিন লোহা ও বাঁশের কাঠামো ভেঙে লরিতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফুটপাথের উপর থাকা লোহার গেটটিও ভাঙার পরিকল্পনা রয়েছে পুরসভার।
