Tag: BJP West Bengal

  • ভোট চুরি বিতর্কের পাল্টা প্রচারে বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রে বিজেপির বিশেষ দল

    ভোট চুরি বিতর্কের পাল্টা প্রচারে বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রে বিজেপির বিশেষ দল

    ওয়েব ডেস্ক: বিরোধীদের ভোট চুরির অভিযোগের পাল্টা জবাব দিতে এ বার সরাসরি জনসংযোগে নামছে বিজেপি। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। প্রতিটি কেন্দ্রে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ও প্রভাবশালী ২০০ জনের বাড়িতে পৌঁছবেন বিজেপি নেতারা। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিরোধীদের রাজনৈতিক অবস্থান এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলা বিতর্কের পাল্টা যুক্তি তুলে ধরবেন তাঁরা।

    দলীয় সূত্রে খবর, এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পাল্টা বক্তব্য পৌঁছে দেওয়া। চার পাতার একটি পুস্তিকা তৈরি করেছে বিজেপি। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। কংগ্রেসের আমলেও একাধিকবার এসআইআর হয়েছিল বলে দাবি করে বিরোধীদের অভিযোগের জবাব দিতে চাইছে দল।

    আরও পড়ুন:

    সুন্দরবনকে পৃথক জেলা করার উদ্যোগ, বড় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পথে রাজ্য

    শুধু রাজনৈতিক কর্মী বা সমর্থক নন, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন বিজেপি নেতারা। দেশের পরিস্থিতি সম্পর্কে তাঁদের মতামতও সংগ্রহ করা হবে। সেই মতামত রিপোর্ট আকারে পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

    সম্প্রতি ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচির মাধ্যমে রাজ্যে বিরোধীদের আন্দোলনের পাল্টা রাজনৈতিক প্রচার শুরু করেছে বিজেপি। এ বার বিধানসভাভিত্তিক জনসংযোগের মাধ্যমে সেই প্রচার আরও বিস্তৃত করতে চাইছে তারা।