Tag: BJP meeting

  • দিল্লির তিন সেনাপতির কাঁধে UP-র রাজনৈতিক দুর্গ রক্ষার গুরুদায়িত্ব

    দিল্লির তিন সেনাপতির কাঁধে UP-র রাজনৈতিক দুর্গ রক্ষার গুরুদায়িত্ব

    কণাদ দাশগুপ্ত

    উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২৭ সালে। হাতে এখনও কয়েক মাস সময় থাকলেও এখন থেকেই ভোটের রণকৌশল সাজাতে শুরু করেছে বিজেপি। লক্ষ্য, রাজ্যের ক্ষমতা ধরে রেখে হ্যাটট্রিকের পথে এগোনো। সেই লক্ষ্যেই দীপাবলির পর নভেম্বর- ডিসেম্বরে উত্তরপ্রদেশে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে নামতে চলেছে গেরুয়া শিবির। প্রচারের ময়দানে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

    বিজেপির পরিকল্পনা, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিকে কাজে লাগিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে সংগঠনকে আরও সক্রিয় করা। সরকারি কর্মসূচি, জনসভা, সাংগঠনিক বৈঠক এবং দলীয় প্রচারের মধ্যে দিয়ে ভোটের আবহ তৈরি করতে চাইছে দল। বিশেষ করে বুথস্তরের সংগঠন মজবুত করা এবং সরকারের উন্নয়নমূলক কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।

    প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের ১৮টি প্রশাসনিক বিভাগের প্রতিটিতে একটি করে বড় জনসভা করতে পারেন। অমিত শাহের দায়িত্ব থাকবে জেলা ও বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করা। অন্য দিকে, নীতিন নবীন বিধানসভা কেন্দ্রভিত্তিক প্রচার ও সাংগঠনিক তৎপরতা তদারকি করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাভিত্তিক প্রচারে নেতৃত্ব দেবেন। লক্ষ্য, নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাওয়া।

    ২০ নভেম্বরের পর প্রচার আরও গতি পেতে পারে। বুথকর্মীদের অন্তত ৫০টি পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বড় জনসভার পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার এবং সমাজমাধ্যমে জনসংযোগ— তিনটি পথেই ভোটারদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি। ৮০টি আসনের মধ্যে দল পেয়েছিল মাত্র ৩৩টি। সমাজবাদী পার্টি জিতেছিল ৩৭টি আসনে। অযোধ্যার ফৈজাবাদেও পরাজিত হতে হয়েছিল বিজেপিকে। সেই ধাক্কা কাটিয়ে ২০২৭ সালে ক্ষমতা ধরে রাখাই এখন পদ্মশিবিরের প্রধান চ্যালেঞ্জ।