Tag: কৌশিক গঙ্গোপাধ্যায়

  • সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

    সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

    কলকাতা: ফের একবার লাইটস, ক্যামেরা অ্যাকশন বলবেন সন্দীপ রায়। সন্দীপ রায়ের পরিচালনায় ফের একবার পর্দায় ফুটে উঠবে সত্যজিৎ রায়ের সাহিত্য জগৎ। সত্যজিৎ রায়ের লেখা চারটি গল্প নিয়ে নতুন ছবি তৈরি করতে চলেছেন সন্দীপ রায়। প্রযোজনায় প্রদীপ কুমার নন্দী। ফের একবার সাহিত্যনির্ভর বাংলা সিনেমা আসছে নন্দী মুভিজের প্রযোজনায়। সত্যজিৎ রায়ের সাহিত্য যে কোনও বাঙালিকের কাছেই ভীষণ পছন্দের। তবে কোনও বড় গল্প নয়, ৪টি ছোটগল্প নিয়ে এবার একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করছেন সন্দীপ রায়। ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’, এই ৪টি ছবি নিয়ে সিনেমা তৈরি করছেন সন্দীপ রায়।

    এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী , শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত এবং বরুণ চক্রবর্তী। ছবি নিয়ে পরিচালক সন্দীপ রায় বলছেন, ‘বহুদিন ধরেই ইচ্ছা ছিল আবার ছোটগল্প নিয়ে কাজ করার। মাঝখানে অনেকটা সময় ছোটগল্প নিয়ে কাজ করা হয়ে ওঠেনি। এর আগে ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’-এর মতো ছবি করেছি। টেলিভিশনের জন্যও বেশ কিছু ছোটগল্প নিয়ে কাজ করেছি। তবে আবার নতুন করে ছোটগল্প নিয়ে কাজ করার ইচ্ছেটা অনেকদিন ধরেই ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে।’

    ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’— সত্যজিৎ রায়ের লেখা এই চারটি গল্প নিয়েই সাজানো হচ্ছে ছবিটি। চারটি আলাদা গল্প, আলাদা চরিত্র এবং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। তবে সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে সত্যজিৎ রায়ের অসাধারণ কল্পনাশক্তি, গল্প বলার নিজস্ব ভঙ্গি এবং চেনা বাস্তবের আড়ালে লুকিয়ে থাকা অচেনা জগতের প্রতি তাঁর গভীর আকর্ষণ। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায়ের গল্পের আবেদন আজও অমলিন। কখনও রহস্য, কখনও অদ্ভুতুড়ে ঘটনা, আবার কখনও মানুষের মনস্তত্ত্বের অপ্রত্যাশিত দিক— তাঁর লেখায় সাধারণ ঘটনাও হয়ে ওঠে অসাধারণ। সেই সাহিত্যিক জগতের চারটি গল্পকে এবার চলচ্চিত্রের ভাষায় নতুন করে তুলে ধরতে চলেছেন সন্দীপ রায়।