ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের ক্ষমতার লড়াইয়ে এবার নতুন দাবিদার! ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ। হাত মেলাল AIMIM এবং আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)। শুধু জোট গঠনই নয়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করলেন ওয়াইসি। ফলে উত্তরপ্রদেশের নির্বাচনী লড়াইয়ে নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার লখনউয়ে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন AIMIM প্রধান। তাঁর দাবি, উত্তরপ্রদেশে বিজেপিকে পরপর তৃতীয়বার ক্ষমতায় আসা থেকে আটকাতে শক্তিশালী বিকল্প হয়ে উঠবে এই জোট। পিছিয়ে পড়া, দলিত এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন দুই নেতা।
এপ্রিলের ধাক্কার পর নতুন রাজনৈতিক সমীকরণ, ডিলিমিটেশন বিল নিয়ে ফের মাঠে অমিত শাহ
শিক্ষার বেহাল পরিস্থিতি, যুবসমাজের বেকারত্ব এবং কৃষকদের সমস্যা—এই বিষয়গুলিকে নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার করতে চাইছে নতুন জোট। ওয়াইসির অভিযোগ, এত দিন বিভিন্ন রাজনৈতিক দল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কেবল ভোটব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করেছে।
আগামী ২৬ নভেম্বর একটি জনসভার ডাক দিয়েছেন দুই নেতা। সেই সভার মধ্য দিয়েই নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটাতে চাইছে জোট।
উত্তরপ্রদেশে বিজেপির পাশাপাশি সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টির উপস্থিতিতে এই নতুন জোটের রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।
