ওয়েব ডেস্ক: মাঝরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু। ভারতের মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোলের কাছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ঝড় বইছে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা। ইতিমধ্যেই দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস মেনে মধ্যরাতে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় মুরাসু। ইতিমধ্যেই ‘মুরাসু’ স্থলভাগে প্রবেশ করেছে। ল্যান্ডফল প্রক্রিয়া মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। স্থলভাগ অতিক্রম করার সময় জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে প্রায় ১.৫ থেকে ২ মিটার উঁচুতে জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। ঝড়ের প্রভাবে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা রয়েছে। বাপটলা, কৃষ্ণা এবং প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের অধিকাংশ জায়গায় এবং রায়লসীমার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পালনাড়ু, তিরুপতি এবং নন্দিয়াল জেলার এক বা দু’টি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এলুরু, এনটিআর, কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, প্রকাশম, নেল্লোর, চিত্তুর, অন্নময়্যা, কাডাপা এবং কুর্নুল জেলার এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন
দুর্যোগ জন্য প্রশাসন ক্ষতিগ্রস্ত জেলার মানুষকে বাড়ির ভিতরে থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাঘাত ঘটেছে বিদ্যুৎ পরিষেবাতেও। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য ৩৭ কোটি টাকা বরাদ্দ করেছে। ঝড়ের কারণে সোমবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, তিরুপতি এবং বিশাখাপত্তনম বিমানবন্দরে অন্তত ১৯টি বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে ট্রেন পরিষেবাও।
