কলকাতা: ইন্দ্রনীল সেনের গ্রেফতারি মমতা- তৃণমূলের অন্দরে এমন এক অস্বস্তির পর্দা সরিয়ে দিল, যা এত দিন নেতৃত্বের আনুগত্যের আড়ালে ঢাকা ছিল। এক দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরের অবস্থান, অন্য দিকে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি আত্মসমালোচনার দাবি। মাঝখানে কুণাল ঘোষের রাজনৈতিক প্রতিক্রিয়া। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তৃণমূলের ক্ষমতার কেন্দ্র কি ক্রমশ একাধিক শিবিরে ভাগ হয়ে যাচ্ছে?
পুজোর পাস সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর কল্যাণের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
পার্থ চট্টোপাধ্যায়কে একা দায়ী করে দায় সারলে চলবে না, এই ঘটনায় আরও অনেকের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন—এমনই দাবি তাঁর। ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তুলেছেন, দলের মধ্যে যোগ্যতার চেয়ে নেত্রীর ঘনিষ্ঠতাই কি গুরুত্ব পাওয়ার মাপকাঠি হয়ে উঠেছে? তাঁর মতে, দীর্ঘদিনের ক্ষমতা এবং তার কেন্দ্রীকরণই দুর্নীতির পরিবেশ তৈরি করে।
এই বক্তব্যের রাজনৈতিক অভিঘাত গভীর। কারণ, কল্যাণ শুধু কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলছেন না, প্রশ্ন তুলছেন দলের ক্ষমতা পরিচালনার ধরন নিয়েই। তাঁর নিশানায় কার্যত সেই ক্ষমতাকেন্দ্র, যার সঙ্গে অভিষেকের রাজনৈতিক উত্থান ও ক্যামাক স্ট্রিটের প্রভাব জড়িয়ে রয়েছে।
আরও পড়ুন
একটি সকাল, কয়েকটি গুলি, আর কোটি মানুষের হৃদয়ে আজও জমে থাকা শোক
কুণাল ঘোষের অবস্থান আবার অন্য মাত্রার। ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেকের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। কিন্তু কল্যাণের মতো দলের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো নিয়ে তাঁর বক্তব্য এক নয়।
সবচেয়ে বড় প্রশ্ন, অভিষেকের রাজনৈতিক কর্তৃত্ব কি দলের সর্বস্তরে সমান গ্রহণযোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সঙ্গে অভিষেকের ক্ষমতাকেন্দ্রের সম্পর্ক নিয়েও কি নতুন করে হিসাব কষছেন নেতারা? ক্যামাক স্ট্রিট কি তবে দলের মধ্যে ক্রমশ নিঃসঙ্গ? নাকি তৃণমূলের ভাঙনের রেখা এখন প্রকাশ্যেই স্পষ্ট হচ্ছে? ইন্দ্রনীল-কাণ্ডের চেয়েও বড় হয়ে উঠছে এই রাজনৈতিক প্রশ্ন।
